মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ সম্বোধন ও গ্রেফতারের প্রতিবাদে কোটচাঁদপুরে ফারিয়ার সমাবেশ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ সম্বোধন ও গ্রেফতারের প্রতিবাদে কোটচাঁদপুরে ফারিয়ার সমাবেশ

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (Medical Representatives) ‘দালাল’ সম্বোধন করে তুচ্ছতাচ্ছিল্য, লাঞ্ছিত এবং গ্রেফতারের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঝিনাইদহের কোটচাঁদপুর। এই ন্যক্কারজনক ঘটনার বিচার ও রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), কোটচাঁদপুর শাখা।

সোমবার (১১ মে) সকালে কোটচাঁদপুরের প্রধান সড়কে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির কয়েক শতাধিক প্রতিনিধি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঢামেক হাসপাতালের সেই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “আমরা দেশের স্বাস্থ্যখাতের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছি। কিন্তু দেশের শীর্ষস্থানীয় একটি হাসপাতালে আমাদের সহকর্মীদের ‘দালাল’ বলে সম্বোধন করা এবং তাদের গ্রেফতার ও লাঞ্ছিত করা অত্যন্ত অপমানজনক। আমরা কোনো অপরাধী নই, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করি। অথচ আমাদের কোনো আইনি সুরক্ষা বা সুনির্দিষ্ট কর্ম-নীতিমালা নেই।”

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা না হয় এবং তাদের সম্মানহানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামীতে তারা কঠোর কর্মবিরতিসহ আরও বৃহত্তর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন।

প্রধান দাবিগুলো:

১. ঢাকা মেডিকেলের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।

২. প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন বন্ধ করে পেশাদার মর্যাদা নিশ্চিত করা।

৩. ওষুধ প্রতিনিধিদের কাজ সম্পাদনের জন্য একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়ন।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল কোটচাঁদপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে ফারিয়ার স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *