জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
তারুণ্যের আশা আকাঙ্ক্ষা, স্বাস্থ্যবান কর্মী, আজকের প্রত্যয়ে, সমৃদ্ধ আগামী গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান, সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমূর আলী মৃধা এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ, সুস্বাস্থ্যসম্পন্ন ও কর্মমুখী জনশক্তিতে পরিণত করতে পারলে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শেষপর্বে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় কর্মক্ষেত্রে তাঁদের নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করে ভবিষ্যতেও জনস্বার্থে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।

