গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে মুকুল হোসেন নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে সাহারবাটি-ভাটপাড়া সড়কের কাশেম মোড় এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং পেশায় একজন চালক। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে তিনি শরীরচর্চার জন্য রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে তার বুকে ও পিঠে পাঁচটি গুলি লাগে।
ঘটনার পর স্থানীয়রা মুকুলকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, মুকুল হোসেনের ওপর এর আগেও দুই দফায় বোমা হামলার ঘটনা ঘটেছিল। সম্প্রতি গ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও তার মীমাংসা হয়নি। সেই পূর্বশত্রুতা অথবা ব্যক্তিগত বিরোধের জেরে এই টার্গেট কিলিংয়ের চেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় পুলিশ সেখান থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে। ওসি জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
ছবি সংগৃহীত।

