স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে নির্বাচিত প্রান্তিক মানুষের মাঝে যাকাতের অর্থ, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের সুদমুক্ত ঋণ এবং ডেঙ্গু প্রতিরোধে অংশ নেওয়া রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের বিশেষ প্রণোদনা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে শহরস্থ জেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন যশোর আয়োজিত অনুষ্ঠানে মোট ২০৮ জন সুবিধাভোগীর হাতে ১০ লাখ ৫১ হাজার ৬৪৮ টাকার চেক তুলে দেওয়া হয়।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সমাজে অনেকেই একাধিকবার ওমরাহ পালন করে থাকেন। তবে একবার ফরজ হজ আদায়ের পর বারবার ওমরাহ করতে যাওয়ার চেয়ে, সেই অর্থ সমাজের অসহায় মানুষের মাঝে যাকাত হিসেবে বিতরণ করা অধিক কল্যাণকর। এতে সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূর হবে এবং প্রকৃত অভাবী মানুষ উপকৃত হতে পারবে।” একই সাথে যাকাতের অর্থ সঠিকভাবে ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার জন্য সুবিধাভোগীদের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মিজানুর রহমান খান এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেমসহ স্থানীয় সুধীজন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে থাকা রেড ক্রিসেন্ট সদস্যদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রমে তরুণ স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ছবি সংগৃহীত।

