ফরিদপুর থেকে ঘাতককে তুলে আনলো যশোর র‍্যাব-৬

ফরিদপুর থেকে ঘাতককে তুলে আনলো যশোর র‍্যাব-৬

স্ফুলিঙ্গ রিপোর্ট :

নড়াইলের লোহাগড়ায় পাওনা মাত্র ১৮ হাজার টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ী বিরোধের জেরে প্রতিবন্ধী ফকির আলীনুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বড় সাফল্য অর্জন করেছে। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি রহমান শেখকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

গ্রেফতারকৃত আসামি রহমান শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) শেষ রাতে ফরিদপুরের বোয়ালমারী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা গেছে, নিহত প্রতিবন্ধী ফকির আলীনুরের কাছ থেকে ব্যবসা করার উদ্দেশ্যে প্রায় ৫ মাস আগে ১৮ হাজার টাকা ধার হিসেবে নেন একই গ্রামের রাজীব শেখ ও তাঁর সহযোগীরা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও ধারকৃত টাকা ফেরত না দিয়ে তারা টালবাহানা করতে থাকেন। গত ১৮ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:১০ মিনিটে ভিকটিম পাওনা টাকার তাগাদা দিয়ে রাজীবকে ফোন করলে তাকে কুমারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসতে বলা হয়।

প্রতিবন্ধী আলীনুর তাঁর ভাই ও ভগ্নিপতিকে সাথে নিয়ে ওই মাঠে পৌঁছামাত্রই পূর্বে থেকে ওত পেতে থাকা আসামি রহমান শেখসহ পুরো সঙ্গবদ্ধ চক্রটি রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘাতকদের নির্মম কোপ ও পিটুনিতে আলীনুরসহ তাঁর সাথে থাকা স্বজনরাও মারাত্মক রক্তাক্ত ও জখম হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিবন্ধী আলীনুর মৃত্যুবরণ করেন। এই পৈশাচিক ঘটনার পর নিহতের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ জুলাই রাত আনুমানিক ৩:০০ টায় র‍্যাব-৬ (সিপিসি-৩ যশোর) এবং র‍্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল যৌথভাবে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন হাসামদিয়া এলাকায় হানা দিয়ে আত্মগোপনে থাকা ২ নম্বর আসামি রহমান শেখকে হাতেনাতে গ্রেফতার করে।

র‍্যাব-৬ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান জোরদার করা হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *