স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানগাড়ি কেনার জন্য সঙ্গে রাখা নগদ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের শিকার হয়েছেন সরোয়ার (৩০) নামে এক যুবক। এ সময় ছিনতাইকারীদের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) আকবরের মোড় এলাকায় বেল্লালের দোকানের সামনে এই ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। আহত সরোয়ার চৌগাছা উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার একটি নতুন ভ্যানগাড়ি কেনার উদ্দেশ্যে চানপুর গ্রাম থেকে নগদ ৪০ হাজার টাকা সঙ্গে নিয়ে নিজ খালুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সরোয়ার। পথিমধ্যে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের আকবরের মোড় সংলগ্ন একটি দোকানের সামনে পৌঁছালে দুষ্কৃতকারীরা তাঁর গতিপথ রোধ করে।
একপর্যায়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলের ধারালো চাবি দিয়ে সরোয়ারের মাথায় সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাঁর সাথে থাকা ভ্যান কেনার ৪০ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
ঘটনার পর স্থানীয় পথচারীরা রক্তাক্ত অবস্থায় সরোয়ারকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নেওয়ার পর তিনি তাঁর খালুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় সীতারামপুর এলাকার পান্না ও হেলাল নামে দুই যুবকের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ফাইল ছবি সংগৃহীত।

