নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা মহানগরীর সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৮ জুলাই ২০২৬ তারিখ বুধবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে ওই এলাকার ৩ নম্বর রোড থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারীর কোনো পরিচয় বা নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রান্তিক আবাসিক এলাকার সড়কে একটি সন্দেহভাজন প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খুলনা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে এবং তার ভেতর থেকে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ পায়।
মরদেহ উদ্ধারের পর পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করলেও নিহতের সঠিক পরিচয় এখনও উদঘাটন করা যায়নি। নারীর পরিচয় নিশ্চিত হতে এবং ঘটনার রহস্য উন্মোচনে তার মুখাবয়ব সংক্রান্ত ৩টি ছবি সর্বসাধারণের উদ্দেশ্যে প্রকাশ করেছে পুলিশ প্রশাসন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ ছবিতে প্রদর্শিত নারীর অবয়ব দেখে তার পরিচয় শনাক্ত করতে পারেন বা এ বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে তা অবিলম্বে খুলনা সদর থানা অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা: ডিউটি অফিসার, খুলনা সদর থানা, মোবাইল নম্বর: ০১৩২০-০৫৮৫১৮ ছবি সংগৃহীত।

