স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচন পরবর্তী এক বিশেষ পর্যালোচনা ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ জুলাই ২০২৬) নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় নির্বাচনের সার্বিক বিষয়াদি এবং দলের ভবিষ্যৎ সাংগঠনিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলাউদ্দিন এবং সহ-সভাপতি শাহজালাল। এছাড়া নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তৃণমূলের প্রতিটি কর্মীর ত্যাগ ও পরিশ্রমের ফলেই সংগঠন আজকের জায়গায় এসে পৌঁছেছে। নির্বাচনের পর দলের অভ্যন্তরীণ শক্তি পরীক্ষা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতেই এই মূল্যায়ন সভার আয়োজন করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় ৪ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সভা থেকে আগামী দিনে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে এলাকা ভিত্তিক সকল গণতান্ত্রিক আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।


