ছেঁড়া-ফাটা ও ময়লা নোট নিতে বাধ্য সব ব্যাংক

ছেঁড়া-ফাটা ও ময়লা নোট নিতে বাধ্য সব ব্যাংক

বাণিজ্য ডেস্ক: দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের আধিক্য বেড়ে যাওয়ায় নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সব তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় এ ধরনের নোট গ্রহণ এবং তার পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

​বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনসাধারণের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিতভাবে ছেঁড়া-ফাটা নোট বিনিময় সেবা দিতে হবে। কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে অনেক ব্যাংক এই সেবা দিতে অনীহা প্রকাশ করছে, যার ফলে বাজারে অচল ও ময়লা নোটের পরিমাণ বাড়ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।

​কেন্দ্রীয় ব্যাংকের ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট নিয়মিত গ্রহণ করতে বলা হয়েছে। ব্যাংকগুলোকে একটি নির্ধারিত বিশেষ কাউন্টারের মাধ্যমে এই বিনিময় সেবা সচল রাখতে হবে। ছেঁড়া নোটের বিনিময়ে গ্রাহকদের ফ্রেশ বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করতে হবে।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যাংক শাখা এই সেবা প্রদানে গাফিলতি করলে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *