চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ
যশোরের চৌগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আলমগীর হোসেন আলম (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে উপজেলার বাকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন উপজেলার চৌগাছা বাকপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের (ভদু) ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা থানার এসআই জি.এম ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। রাত আনুমানিক ৮:২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা বাকপাড়া গ্রামের আলমগীরের বসত বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ৮:৪৫ মিনিটে জব্দ তালিকা মূলে উক্ত আলামত জব্দ করে পুলিশ।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চৌগাছা থানা এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ছবি সংগৃহীত।


