স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের ঐতিহ্যবাহী বড়বাজার সংলগ্ন কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ও আমদানিন নিষিদ্ধ ১ বোতল ‘উইন কোরেক্স’ সিরাপসহ রনি নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) বেলা আনুমানিক ১২টার দিকে যশোর সদর ফাঁড়ির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। আটককৃত রনি যশোর শহরের সুপরিচিত চুরিপট্টি এলাকার ‘শান্তি স্টোর’-এর মালিক শান্তির পুত্র।
ফাঁড়ি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূরনবী সঙ্গীয় ফোর্স নিয়ে কাঠেরপুল এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন হিসেবে যুবক রনিকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১ বোতল ক্ষতিকারক ও নিষিদ্ধ মাদক উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া জোরদারভাবে চলমান রয়েছে।
এদিকে সচেতন মহলের অভিযোগ, ইদানীং যশোর শহরের বড়বাজার, খালধার রোড, বারান্দীপাড়া ও আশপাশের এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা প্রতিনিয়ত চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাজারের প্রাণকেন্দ্রে দিনদুপুরে চুরি, ছিনতাই, টানা পার্টি ও মলম পার্টির উপদ্রব যেমন বেড়েছে, তেমনই পাড়া-মহল্লায় ইভটিজিং, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের প্রকাশ্য তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি শহরের ঐতিহ্যবাহী কালিবাড়ী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনাসহ বেশ কয়েকটি অপরাধের ঘটনা ঘটেছে, যা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ( বিস্তারিত আসছে…)ছবি সংগৃহীত।


