কেশবপুরে নারী ওসি রোকসানা, বাঘারপাড়ায় শাহ জালাল ও ঝিকরগাছায় গোলাম কিবরিয়া

কেশবপুরে নারী ওসি রোকসানা, বাঘারপাড়ায় শাহ জালাল ও ঝিকরগাছায় গোলাম কিবরিয়া

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন থানা— কেশবপুর, বাঘারপাড়া এবং ঝিকরগাছায় একযোগে নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে তারা নিজ নিজ থানার বিদায়ী ওসির কাছ থেকে ওয়ান-টু-ওয়ান দায়িত্ব ও কার্যভার বুঝে নেন।

মঙ্গলবার রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মিরাজুল ইসলাম।

নতুন প্রশাসনিক আদেশ অনুযায়ী, কেশবপুর থানার ইতিহাসে প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোসা. রোকসানা খাতুন। এর আগে তিনি যশোর আদালতের ‘কোর্ট ইনসপেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খুলনা বিভাগের প্রথম নারী ওসি হিসেবে এর আগে নড়াইলের নড়াগাতি থানায় দায়িত্ব পালন করে প্রশংসা কুড়ানো এই চৌকস কর্মকর্তা ২০০৩ সালে সাব-ইনস্পেক্টর হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।

 এদিকে জেলা পুলিশের এই বিশেষ আদেশে ঝিকরগাছা থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলমকে বদলি করে বাঘারপাড়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শাহ জালাল আলমের বদলিজনিত কারণে শূন্য হওয়া ঝিকরগাছা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ইনসপেক্টর গোলাম কিবরিয়া। ঝিকরগাছায় যোগদানের আগে তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার সফল অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন।

থানা তিনটিতে নতুন ওসিদের যোগদানের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, নতুন ও অভিজ্ঞ কর্মকর্তাদের নেতৃত্বে এই অঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। দালালের দৌরাত্ম্যমুক্ত থানা গঠন এবং মাদক ও সন্ত্রাস দমনে নতুন অফিসার ইনচার্জরা জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করবেন। দায়িত্ব গ্রহণের পর নতুন ওসিবৃন্দ স্ব-স্ব এলাকার সর্বস্তরের জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *