স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের কেশবপুর উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে কৌশলে ধর্ষণের অভিযোগে লাভলু মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেশবপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছিল গত ১৭ জুলাই (শুক্রবার) দুপুরে উপজেলার ভালুকঘর গ্রামে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত লাভলু মোল্লা গত ১৭ জুলাই দুপুরে প্রলোভন ও নানাবিধ কৌশলে ওই কিশোরীকে নিজের বসতবাড়িতে ডেকে নেন। সেখানে কিশোরী পৌঁছানোর সাথে সাথেই ঘরের দরজার সিটকিনি আটকে দিয়ে জোরপূর্বক তাকে পাশবিক নির্যাতন ও ধর্ষণ চালান।
ঘটনার পর ভুক্তভোগী কিশোরী বাড়িতে ফিরে স্বজনদের কাছে পুরো বিষয়টি খুলে বলে। পরবর্তীতে পরিবারের সদস্যরা কোনো বিলম্ব না করে আইনগত সহায়তার জন্য কেশবপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন। লিখিত অভিযোগটির সত্যতা ও গুরুত্ব অনুধাবন করে পুলিশ তাৎক্ষণিকভাবে এটি ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।
মামলা রুজু হওয়ার পর পরই কেশবপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত লাভলু মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কেশবপুর থানা সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ছবি সংগৃহীত।

