কৃষি খাতে দুশ্চিন্তার মেঘ

কৃষি খাতে দুশ্চিন্তার মেঘ

স্ফুলিঙ্গ ডেক্স :

অ্যামোনিয়া গ্যাসের তীব্র সংকটে উৎপাদন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত এই কারখানাটির মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

​কারখানা সূত্রে জানা গেছে, ডিএপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল অ্যামোনিয়া সরবরাহ করা হয় পার্শ্ববর্তী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিইউএফএল এবং বহুজাতিক কোম্পানি কাফকো থেকে। কিন্তু গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে ওই দুটি প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ রয়েছে। এতদিন নিজস্ব মজুদে থাকা অ্যামোনিয়া দিয়ে কোনোমতে উৎপাদন সচল রাখা হলেও শনিবার রাতে তা শেষ হয়ে যায়। ফলে কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।

​শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানায় প্রতিদিন ৮০০ মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট রয়েছে। ২০০৬ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে থাকা এই কারখানাটি দেশের অভ্যন্তরীণ সারের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখে। বর্তমানে সিইউএফএল, কাফকো এবং ডিএপি—তিনটি বড় সার কারখানাই বন্ধ হয়ে যাওয়ায় সামনের দিনগুলোতে কৃষি খাতে সারের সরবরাহ নিয়ে বড় ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সচল না হওয়া পর্যন্ত ডিএপি কারখানা পুনরায় চালু করা সম্ভব নয়। সিইউএফএল ও কাফকোতে উৎপাদন শুরু হলেই কেবল ডিএপিতে পুনরায় কাঁচামাল সরবরাহ স্বাভাবিক হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *