স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার মন্ডলগাতী এলাকায় বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার জের ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রাক্তন স্ত্রীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্ডলগাতী এলাকার একটি কফি হাউজের সামনে এই হামলার ঘটনাটি ঘটে।
হামলার শিকার আহত তরুণীর নাম লাবনী বেগম (২৫)। তিনি মন্ডলগাতী গ্রামের শুকর আলীর কন্যা। অন্যদিকে অভিযুক্ত সাবেক স্বামী মো. মিঠুন (২৯) যশোর শহরের খড়কি এলাকার আতিয়ারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই প্রাক্তন স্ত্রী লাবনীর ওপর ক্ষুব্ধ ছিলেন মিঠুন। আজ সন্ধ্যায় মন্ডলগাতী কফি হাউজের কাছে লাবনীকে একা পেয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাথে থাকা ধারালো চাকু বের করে অতর্কিত হামলা চালান মিঠুন। এতে লাবনী শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মকভাবে রক্তাক্ত হন।
ঘটনার আকস্মিকতায় চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় লাবনীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল জরুরি বিভাগ সূত্রে জানানো হয়েছে, তাঁর শরীর থেকে বেশ রক্তক্ষরণ হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।
ঘটনার পরপরই অভিযুক্ত প্রাক্তন স্বামী মিঠুন স্থান ত্যাগ করে গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চালানোর প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

