স্ফুলিঙ্গ ডেক্স :
জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল এমপি’র কণ্ঠস্বর হুবহু নকল এবং ক্লোনড বিদেশি মোবাইল নম্বর ব্যবহার করে প্রশাসন ক্যাডারের উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলির প্রলোভন দেখানোর এক চাঞ্চল্যকর জালিয়াতি উন্মোচিত হয়েছে। আর্থিক ফায়দা লোটার উদ্দেশ্যে ২৫তম বিসিএস-এর একজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে টার্গেট করে এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। এই জালিয়াতির অকাট্য প্রমাণ মেলার পর অপরাধ স্বীকার করে লিখিত মুচলেকা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম বাবু ও কয়রা উপজেলা ছাত্রদল নেতা মো. হাবিবুর রহমান।
লিখিত মুচলেকায় তারা দুজনেই স্বীকার করেছেন যে, পরস্পর যোগসাজশে তারা এই বড় ধরণের প্রতারণার চক্রান্ত করেছিলেন। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতী এলাকার বাসিন্দা মো. শরিফুল ইসলাম বাবু (৩৮) এবং খুলনা জেলার কয়রার লালুয়া এলাকার মো. হাবিবুর রহমান (৩২) দীর্ঘদিন ধরেই এই চক্রটি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তারা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য হুইপের কণ্ঠ নকল করে খোদ ওই পুলিশ কর্মকর্তার সাথেও ফোনে কথা বলেন। তবে কোনো প্রকার আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার আগেই পুরো জালিয়াতি চক্রটি হাতেনাতে ধরা পড়ে যায়। নিজেদের কৃতকর্মের জন্য তারা মুচলেকায় চরম অনুতপ্ত হয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন।
এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা শরিফুল ইসলাম বাবু পুরো ঘটনাটিকে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমি খুলনার রাজনীতিতে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ভাইয়ের সাথে অত্যন্ত সক্রিয় আছি। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি ও ক্যারিয়ার ধ্বংস করার জন্যই এই সাজানো নাটক ও অপপ্রচার ছড়াচ্ছে।”
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মাদ জাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানান, মুচলেকা দিলেও অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাদের বিরুদ্ধে অতি দ্রুত সুনির্দিষ্ট ধারায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই জালিয়াতির ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দল বা সরকারের ইমেজ ক্ষুণ্নকারী কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই নোংরা প্রতারণার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি কঠোর দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সূত্র ও ছবি- মানবজমিন।

