স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় সংবর্ধনা এবং ১০ম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে কলেজের ডা. সালাহউদ্দিন খান লেকচার থিয়েটারে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জামালুন্নেসা।
নবীন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসা সেবা একটি মহান ব্রত। সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে উঠে পেশাগত দায়িত্বশীলতা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে সাধারণ মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ শিক্ষক ও হাসপাতালের শীর্ষ চিকিৎসকরা অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ১০ম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত শপথ বাক্য পাঠ করানো হয়। একই সাথে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করা চিকিৎসকদের মধ্য থেকে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
পরশেষে ৯ম ও ১০ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে এক স্মৃতিগ্রাহ্য ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। ছবি সংগৃহীত।

