৪০ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

৪০ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

সহজে আয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎকারী একটি বড় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২২ এপ্রিল) রাতে রাজধানীর হাজারীবাগ ও নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডির হাতে গ্রেফতার আসামীরা হলো— মো. সাজ্জাদ হোসেন (৩৩) এবং মো. রাজিব খাঁন (৩৩)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন ও বিপুল সংখ্যক সিম কার্ড জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, প্রতারক চক্রটি টেলিগ্রাম অ্যাপসে ‘Sabrina Islam’ নামে ভুয়া আইডি ব্যবহার করে ভুক্তভোগীর সাথে সখ্যতা গড়ে তোলে। পরে ‘Atomic Market’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার প্রলোভন দেয়। প্রথমে সামান্য টাকা বিনিয়োগের বিপরীতে কমিশন ও বোনাস দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করা হয়। লাভজনক মনে হওয়ায় ভুক্তভোগী বড় অঙ্কের টাকা জমা দিতে থাকেন। এক পর্যায়ে তাঁর অ্যাকাউন্টে বিপুল লাভ দেখানো হলেও টাকা তোলার সময় ‘সিকিউরিটি ফি’ বা ‘সার্ভিস চার্জ’-এর নামে আরও টাকা দাবি করা হয়। এভাবে ধাপে ধাপে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩৯ লাখ ৫৬ হাজার ৪৬৯ টাকা হাতিয়ে নিয়ে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় চক্রটি।

এ ঘটনায় মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা ও দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তে জানা গেছে, আসামী সাজ্জাদ হোসেন আগেও এমন প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছে। অপর আসামী রাজিব খাঁন ব্যাংক হিসাব ও এনআইডি সরবরাহের মাধ্যমে এই জালিয়াতিতে সহযোগিতা করত। বর্তমানে আসামীদ্বয়কে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *