স্ফুলিঙ্গ ডেক্স :
বরিশাল নগরীতে প্রেমিকের বাসা থেকে সানজিদা কবির আনিকা (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নগরীর বগুড়া রোড মুন্সি গ্যারেজ সংলগ্ন ‘রাফি মঞ্জিল’ নামক একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু (৩০) পলাতক রয়েছে।
নিহত আনিকা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের মহাসিন কবির শাহিনের মেয়ে। তিনি একজন নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত হিমু ঝালকাঠি জেলা সদরের কাটপট্টি রোড এলাকার মিল্টন আকনের ছেলে।
হিমুর মা ফাতেমা বেগম জানান, বৃহস্পতিবার সকালে তিনি তাঁর মেয়ের বাসায় গিয়েছিলেন। দুপুরে বাসায় ফিরে দরজায় তালা দেওয়া দেখতে পান। পরে তালা খুলে ভেতরে ঢুকতেই বিছানার ওপর আনিকার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ছেলেকে ফোন করলেও তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তাঁর দাবি, আনিকা ও হিমুর মধ্যে তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল।
আনিকার বড় বোন দাবি করেছেন, হিমু প্রেমের ফাঁদে ফেলে আনিকার সাথে অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করত। তাদের পরিবার এই সম্পর্কে রাজি ছিল না। তিনি আরও অভিযোগ করেন, হিমু এর আগে তাঁর প্রথম স্ত্রীকেও একইভাবে হত্যা করেছিলেন এবং আনিকাকেও পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে একে শ্বাসরোধে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত হিমুকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
ছবি সংগৃহীত।


