১৫ লাখ টাকার গাঁজাসহ রুচিয়া বেগম শ্রীঘরে

১৫ লাখ টাকার গাঁজাসহ রুচিয়া বেগম শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক, নড়াইল :

নড়াইলের নড়াগাতী থানায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৪ মে ২০২৬) দুপুরে উপজেলার পাখিমারা মধ্যপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নড়াইলের উপপরিচালকের নেতৃত্বে একটি চৌকস দল দুপুর সাড়ে ১২টার দিকে রুচিয়া বেগমের বসতঘরে হানা দেয়। তল্লাশিকালে ঘরের খাটের নিচে মেঝেতে কৌশলে লুকিয়ে রাখা দুটি চটের বস্তা ও প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। তাতে কালো পলিথিনে মোড়ানো এবং স্কচটেপ দিয়ে আবৃত অবস্থায় ১৯টি গাঁজার পেটি পাওয়া যায়। প্রতিটি পেটিতে দুই কেজি করে মোট ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লক্ষ ২০ হাজার টাকা।

অভিযানকালে পাখিমারা মধ্যপাড়া এলাকার মৃত তরিকুল সর্দারের স্ত্রী রুচিয়া বেগমকে হাতেনাতে আটক করা হলেও অপর সহযোগী রিপুল সর্দার (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুচিয়া বেগম দীর্ঘদিন ধরে রিপুলের সহযোগিতায় এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি রিপুল সর্দারকে গ্রেপ্তারে ডিএনসি ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি এবং এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *