স্ফুলিঙ্গ ডেক্স :
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিশেষ অভিযানে টঙ্গীর হাজী মাজার বস্তি ও কেরানীর টেক এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ অর্ধশত ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই অভিযানে মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত গোপন কক্ষের সন্ধান মেলে।
বস্তির ভেতরে মাদক বিক্রির জন্য তৈরি করা একাধিক শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের সন্ধান পেয়েছে পুলিশ। এসব কক্ষের সঙ্গে সংযুক্ত ছিল একাধিক গোপন সুড়ঙ্গপথ, যা মাদক আনা-নেওয়া বা পালানোর পথ হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।অভিযানে মোট ৫০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে টঙ্গী পশ্চিম থানা ৩৩ জন, টঙ্গী পূর্ব থানা ১৬ জন এবং মহানগর গোয়েন্দা পুলিশ ২ কেজি গাঁজাসহ একজনকে আটক করে। এছাড়া অভিযানে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বাইরে থেকে তালাবদ্ধ থাকা কক্ষগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ এবং মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করে। মাদক বিক্রির কেন্দ্র হিসেবে চিহ্নিত কক্ষগুলো তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন জানান, মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

