ক্রীড়া ডেস্ক: সাত গোল, দুটি লাল কার্ড আর শেষ মুহূর্তের রোমাঞ্চ— চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে এমনই এক শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। বুধবার (১৫ এপ্রিল) রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে পা রাখলো বাভারিয়ানরা।
ম্যাচের শুরুতেই নাটকীয়তার আভাস পাওয়া যায়। মাত্র ৩৫ সেকেন্ডে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের মারাত্মক ভুলে বল পেয়ে রিয়ালকে লিড এনে দেন তরুণ তুর্কি আরদা গুলের। তবে দমে যায়নি বায়ার্ন; ৫ মিনিট পরেই পাভলোভিচের হেডে সমতায় ফেরে তারা। ২৯ মিনিটে গুলের আবারও রিয়ালকে এগিয়ে নিলেও ৮ মিনিট পর হ্যারি কেইন গোল করে বায়ার্নকে ম্যাচে ফেরান। বিরতির ঠিক আগে কিলিয়ান এমবাপ্পে গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে লড়ে বায়ার্ন। ম্যাচের ৮৬ মিনিটে রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মাদ্রিদ। এই সুযোগ কাজে লাগিয়ে ৮৯ মিনিটে লুইস দিয়াসের গোলে সমতায় ফেরে বায়ার্ন। আর অতিরিক্ত সময়ে মাইকেল ওলিসের জাদুকরী গোল বায়ার্নকে এনে দেয় ৪-৩ গোলের অবিস্মরণীয় জয়। ম্যাচের একেবারে শেষ দিকে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের নায়ক আরদা গুলের।
নাটকীয় জয়ের পর বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “ক্লাবের জন্য এটি একটি দুর্দান্ত রাত। আমাদের ঐক্যবদ্ধতা এবং লড়াইয়ের মানসিকতাই আমাদের ফিরে আসতে সাহায্য করেছে।” অন্যদিকে হতাশ রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, “লাল কার্ডের সিদ্ধান্তটি পুরো ম্যাচ নষ্ট করে দিয়েছে। ১৬তম শিরোপা জেতার সুযোগ হারিয়ে আমরা ব্যথিত।”
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।
ছবি-সংগৃহীত


