স্ফুলিঙ্গ ডেক্স :
ফুটবলপ্রেমীদের দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ এর। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে এক চোখধাঁধানো ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রায় দেড় মাসব্যাপী এই বৈশ্বিক ফুটবল উৎসব। ২৩তম এই আসরের উদ্বোধনের পরই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাত থেকেই বিশ্বজুড়ে শুরু হওয়া ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ আসরটি যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশেই পৃথকভাবে জমকালো উদ্বোধনী আয়োজন থাকলেও, প্রথম অফিসিয়াল ম্যাচটি মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ায় আনুষ্ঠানিক সূচনা হচ্ছে সেখান থেকেই।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ১১টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শুরু হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনের আদলে মূল ম্যাচ শুরুর ঠিক ৯০ মিনিট আগে এই আয়োজন শুরু হবে। এরপর রাত ১টায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
আয়োজক কমিটি জানিয়েছে, মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রাচীন আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী রঙিন ‘পাপেল পিকাদো’ শিল্পকর্মের এক নান্দনিক ও ভিজ্যুয়াল উপস্থাপনা থাকবে। আজতেকার এই উদ্বোধনী মঞ্চে সুরের মূর্ছনা ছড়াতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত ল্যাটিন পপ কুইন শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান এবং লিলা ডাউনস।
বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রও তাদের দেশের প্রথম ম্যাচকে কেন্দ্র করে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। কানাডার টরন্টো স্টেডিয়ামের উদ্বোধনী মঞ্চ কাঁপাবেন বলিউড তারকা নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে এবং অ্যালেসিয়া কারা। তবে বাংলাদেশের দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে এই মঞ্চে থাকছেন বাংলাদেশি-আমেরিকান জনপ্রিয় মিউজিশিয়ান ‘ডিজে সঞ্জয়’।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী আয়োজনটি হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ও আলো-ঝলমলে এক ভিজ্যুয়াল মাস্টারপিস। সেখানে মঞ্চ মাতাতে অংশ নেবেন পপ আইকন কেটি পেরি, ফিউচার, আনিতা, বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের তারকা লিসা, রেমা এবং টাইলা।
বাংলাদেশের কোটি ফুটবল অনুরাগীদের জন্য রয়েছে খেলা দেখার দারুণ সুসংবাদ। দেশের ফুটবলপ্রেমীরা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে সরাসরি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। এ ছাড়া বেসরকারি চ্যানেল সময় টেলিভিশন এবং দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসেও বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হবে।
যারা মোবাইল বা ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখতে চান, তাদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম টফি মাই রবি এবং বায়োস্কোপ অ্যাপে প্রতিটি ম্যাচ সম্পূর্ণ লাইভ ও এইচডি কোয়ালিটিতে দেখার সুব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে, ইতিহাসের বৃহত্তম (৪৮ দলের) এই ফুটবল মহাযুদ্ধ বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত বিশ্ব। সংগৃহীত প্রতীকী-ছবি ।

