চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্তসহ ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলামের নেতৃত্বে একাধিক পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত কয়েকটি টিম এই অভিযানে অংশ নেয়। অভিযানে ৪ জন সাজা পরোয়ানাভুক্ত (জিআর ও সিআর), ১ জন সাধারণ জিআর পরোয়ানাভুক্ত এবং ৮ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকায় অপরাধ নির্মূল ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

