স্ফুলিঙ্গ ডেক্স : নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের ভারী পাইপ পড়ে প্রাণ হারিয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুনতাসির ইসলাম হামজা ওরফে ইয়াসিন। সে ফতুল্লার রাজনগর এলাকার মো. রুবেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ইসদাইর এলাকায় মো. মিজানুর রহমানের মালিকানাধীন একটি জমিতে বহুতল ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। শুক্রবার দুপুরে ইয়াসিন পাশের একটি দোকান থেকে রুটি কিনতে যাচ্ছিল। এসময় আকস্মিকভাবে পাইলিং মেশিনের একটি বিশাল পাইপ ছিঁড়ে তার ওপর পড়ে। পাইপের নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণাধীন ভবনটিতে পথচারী বা আশপাশের মানুষের নিরাপত্তার জন্য কোনো বেষ্টনী বা সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়নি। সম্পূর্ণ অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ চলায় এই অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাছিনুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা লিখিত অভিযোগ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত ইয়াসিন তার মা ও ভাই-বোনের সঙ্গে ওই এলাকায় ডাক্তার মল্লিকের বাড়িতে ভাড়া থাকত। তার বাবা বর্তমানে পেশাগত কাজে কুমিলস্নায় অবস্থান করছেন। সন্তানের এমন মৃত্যুতে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।
নিহত শিশু মুনতাসির ইসলাম হামজা ছবি সংগৃহীত ।

