মহেশপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

মহেশপুর প্রতিনিধি (ঝিনাইদহ) :

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে নিজ ঘরে একা পেয়ে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সাজ্জাদ সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে সাজ্জাদুল ইসলাম খালিশপুর গোহাটার পাশে একটি ভাড়া বাসায় পরিচিত একজনকে খুঁজতে যান। সেখানে গৃহবধূর স্বামীকে না পেয়ে তিনি তৃষ্ণা মেটানোর অজুহাতে পানি পান করতে চান। গৃহবধূ সরল বিশ্বাসে ফ্রিজ থেকে পানি আনতে গেলে সাজ্জাদ তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত নেতাকে হাতেনাতে আটক করেন।

অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর তা ধামাচাপা দিতে সোনালী ব্যাংকের ২ লাখ টাকার একটি চেক দিয়ে রফা করার চেষ্টা করেন এই প্রভাবশালী নেতা। তবে এলাকায় বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে শনিবার মহেশপুর থানায় মামলা দায়ের করেন। মামলার নথিতেও ২ লাখ টাকার চেক দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষমতার দাপট দেখিয়ে এমন ঘৃণ্য অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে গ্রেপ্তার করার পর বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে স্থানীয় জনমনে ধিক্কার ও সমালোচনার ঝড় বইছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *