স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিবুল হাসান (৫০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার বসতপুর এলাকার একটি ড্রাগন ফল বাগান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল হাসান শার্শা উপজেলার বসতপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বসতপুর এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকার একটি ড্রাগন ফল বাগানের ভেতর মাদক বেচাকেনা চলছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বাধীন পুলিশের টিমটি বসতপুর গ্রামস্থ মো. মিঠু (পিতা-মৃত রফিকুল ইসলাম) নামের এক ব্যক্তির ড্রাগন ফল বাগানের ভেতর অবস্থিত একটি কুঁড়েঘরে ঝটিকা অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. রাকিবুল হাসানকে হাতেনাতে জাপটে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত রাকিবুলের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
শার্শা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হবে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এমন ঝটিকা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।


