রফিক মন্ডল নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে :
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুর কৃতি সন্তান জুয়েল রানা এবং তাঁর নেতৃত্বাধীন দেশের উদীয়মান সৃজনশীল সংগঠন ‘চিত্ত মিডিয়া’ টিম। রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীর সদয় আমন্ত্রণে সাড়া দিয়ে তারা এই ব্যতিক্রমী ও গৌরবোজ্জ্বল সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্ত মিডিয়া টিমের তৃণমূল পর্যায়ের বিভিন্ন সৃজনশীল, সমাজসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এই সামাজিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। বিশেষ করে দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ জোর দিয়ে প্রধানমন্ত্রী চিত্ত মিডিয়া টিমকে প্রকৃতি ও পরিবেশ নিয়ে দেশজুড়ে আরও বেশি কাজ করার এবং এ বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
প্রধানমন্ত্রীর সাথে এই ঐতিহাসিক ও ব্যতিক্রমী সাক্ষাৎ প্রসঙ্গে চিত্ত মিডিয়ার কর্ণধার জুয়েল রানা অত্যন্ত উচ্ছ্বাস ও ক্ষোভ প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়া এবং তাঁর সাথে সরাসরি বসে কথা বলতে পারা আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত গৌরব, আনন্দ ও বড় অনুপ্রেরণার। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা তাঁর কাছ থেকে চমৎকার ও দিকনির্দেশনামূলক পরামর্শ পেয়েছি, যা আমাদের কাজের পরিধিকে আরও বাড়িয়ে দেবে। বিশেষ করে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তিনি আমাদের যেভাবে সাধারণ মানুষের মাঝে কাজ করার পরামর্শ দিয়েছেন, তা আমাদের আগামী দিনের সামাজিক পথচলাকে আরও বেশি বেগবান ও অর্থপূর্ণ করবে।
তিনি সংবাদমাধ্যমকে আরও জানান যে, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া মূল্যবান পরামর্শ ও রূপরেখা অনুযায়ী চিত্ত মিডিয়া টিম খুব শীঘ্রই দেশের প্রকৃতি, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনজনিত সচেতনতা নিয়ে নতুন কিছু তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র ও সৃজনশীল ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণের কাজ পুরোদমে শুরু করবে। এদিকে, ঝিনাইদহের হরিণাকুণ্ডুর একদল প্রান্তিক ও উদ্যোমী তরুণের এমন অভাবনীয় সাফল্যে স্থানীয় এলাকাবাসী, সুধীসমাজ ও যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তৃণমূলের একটি মিডিয়া টিমের রাষ্ট্রীয় পর্যায়ের এই উচ্চ মূল্যায়ন দেশের অন্যান্য তরুণ উদ্যোক্তা, সামাজিক কর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের ইতিবাচক ও দেশগঠনমূলক কাজে অংশ নিতে আরও বেশি অনুপ্রাণিত করবে। ছবি সংগৃহীত।


