প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি করে হত্যা!

প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি করে হত্যা!

স্ফুলিঙ্গ ডেক্স :

চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় মো. আজাদ নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে নিহতের এক সহযোগী তাঁর রক্তাক্ত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বিকেল সোয়া ৪টার দিকে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায় যে, মুরাদপুর ফরেস্ট গেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।”

উপ-কমিশনার আরও জানান, যে সহযোগী আজাদের মরদেহ হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাঁর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুলিশের একটি বিশেষ টিম ফরেস্ট গেট এলাকার ঘটনাস্থলে রওনা হয়। সেখানে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে— একটি একতলা ভবনে নিহত আজাদসহ তিনজন মিলে মাদক সেবন করছিলেন। তবে ঠিক কী কারণে এবং কীভাবে সেখানে গুলির ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এবং চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা আরও বলেন, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, এর সাথে জড়িত মূল অপরাধী এবং এই খুনের পেছনের আসল উদ্দেশ্য কী ছিল— তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্ত করছি এবং নিহতের সহযোগীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

শহরের কেন্দ্রস্থলে দিনের আলোতে এমন এক যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় মুরাদপুর এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *