মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
নিখোঁজ হওয়ার দীর্ঘ দেড় মাস পার হলেও সন্ধান মেলেনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রতনপুর গ্রামের স্কুলছাত্র রাফিন তাহাসিনের (১৪)। এদিকে নিখোঁজের এত দিন পরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ বা দৃশ্যমান সহযোগিতা না পাওয়ার অভিযোগে আজ বুধবার (১৭ জুন) সকালে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। নিখোঁজ রাফিনকে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের দাবিতে আজ সকালে শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এক বিশাল মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ গ্রামবাসী ও শিক্ষার্থীরা। নিখোঁজ রাফিন তাহাসিন শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার রতনপুর গ্রামের মাহাফুজুর রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয় কিশোর রাফিন। এরপর দীর্ঘ সময় ধরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে দিনরাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় নিখোঁজের পরপরই শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তবে পরিবারের অভিযোগ, জিডি করার দেড় মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও থানা পুলিশ রাফিনকে উদ্ধারে কোনো তৎপরতা দেখায়নি, যা চরম হতাশাজনক।
স্থানীয়রা জানান, পুলিশের এই রহস্যজনক নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং রাফিনকে পরিবারের বুকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ বুধবার সকালে রাজপথে নামেন বিক্ষুব্ধ সহপাঠী ও এলাকাবাসী। আন্দোলনকারীরা ব্যানার-ফেস্টুন হাতে স্কুলের সামনের কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধনে অংশ নিয়ে মেহেদী হাসান নামের এক বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা ১৪ বছরের সন্তান দেড় মাস ধরে নিখোঁজ, অথচ পুলিশ প্রশাসন এখনো কোনো ক্লু বের করতে পারেনি। এটি প্রশাসনের চরম ব্যর্থতা। আমরা রাফিনকে দ্রুত তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচির ডাক দেওয়া হবে।”
সড়ক অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে রাফিনকে দ্রুত উদ্ধারের সুনির্দিষ্ট আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে স্কুলছাত্র রাফিনের আকস্মিক নিখোঁজ ও উদ্ধার নিয়ে দীর্ঘদিনের এই অচলাবস্থায় তার পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে শৈলকূপা থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় তার সন্ধানের দাবিতে গ্রামবাসী ও সহপাঠীরা সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাফিনকে খুঁজে বের করার আশ্বাস দেওয়া হলে তারা শান্ত হন এবং অবরোধ তুলে নেন। এই নিখোঁজের রহস্য উদ্ঘাটনে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশের বিশেষ টিম কাজ করছে বলেও তিনি দাবি করেন। ছবি সংগৃহীত।

