স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত মুন্না বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের নূর আলী বিশ্বাসের ছেলে। গ্রেফতারের পর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুর দেড়টার পর গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মুন্না বিশ্বাসকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ভাষানটেক থানা (মিরপুর-১৪ ইউনিট) বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়ের করা একটি নাশকতা মামলা রয়েছে। যশোর কোতোয়ালি থানায় নথিভুক্ত ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বসুন্দিয়া ক্যাম্প পুলিশ আরও জানায়, এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। মুন্না বিশ্বাসের সাথে নাশকতার পরিকল্পনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ছবি সংগৃহীত।

