স্ফুলিঙ্গ ডেক্স :
দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঝড়ের আশঙ্কায় এই চার অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।
দীর্ঘদিন ধরে যশোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। বজ্রসহ বৃষ্টির প্রভাবে এসব এলাকায় গুমোট গরম কমে স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি


