দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি সুমন নিহত!

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি সুমন নিহত!

স্ফুলিঙ্গ ডেক্স :

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তদের নির্মম গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেলের দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত প্রবাসী বেলাল হোসেন সুমন উপজেলার ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সুমন গত ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় অত্যন্ত সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মাত্র এক বছর আগেই তিনি নিজ মাতৃভূমি বাংলাদেশ থেকে সপরিবারে ঘুরে প্রবাসে ফিরে যান। ঘটনার দিন বুধবার বিকেলের দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত মেফায়ার এলাকায় সুমনের দোকানে ঢুকে পড়ে এবং তাঁকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে। সন্ত্রাসীদের ছোঁড়া বুলেট সুমনের মাথা ও ঘাড়ে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মারা যান।

এদিকে সুদূর প্রবাসে সফল এই বাংলাদেশি ব্যবসায়ীর আকস্মিক ও নৃশংস মৃত্যুর খবর তাঁর গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি আর বুক ফাটা কান্নায় ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া ও লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের খোঁজখবর ও সহযোগিতা প্রদান করা হবে।” প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কূটনৈতিক হস্তক্ষেপ কামনা করেছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *