স্ফুলিঙ্গ রিপোর্ট :
দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে খুলনা বিভাগ থেকে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও যশোরের গর্ব শান্তনু ইসলাম সুমিত। আজ রবিবার (৭ জুন ২০২৬) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত উৎসবমুখর নির্বাচনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি এই গৌরবময় বিজয় অর্জন করেন।
দীর্ঘদিন পর বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে যশোর থেকে একজন যোগ্য প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। যশোরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের এই বিজয়ের মাধ্যমে বিসিবিতে যশোরের নেতৃত্বের দীর্ঘদিনের শূন্যতা পূরণ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগে দুটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩ জন। এই শক্তিশালী ত্রিমুখী লড়াইয়ে কাউন্সিলরদের রায়ে বিজয়ী হয়েছেন শান্তনু ইসলাম সুমিত এবং শফিকুল আলম তুহিন। এছাড়া বরিশাল বিভাগ থেকে জয়লাভ করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
শান্তনু ইসলাম সুমিতের এই বিজয়ে যশোরের সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রীড়া সংগঠক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয় ক্রীড়া বিশ্লেষকদের মতে, সুমিতের মতো একজন আধুনিক ও মাঠপর্যায়ের সংগঠক ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়ায় যশোরের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ এবং দীর্ঘদিনের দাবি ‘আঞ্চলিক ক্রিকেট একাডেমি’ বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন শেষে আজই পরিচালকদের ভোটে বিসিবির পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে, যেখানে সভাপতি পদের দৌড়ে তামিম ইকবালের নামই সবার শীর্ষে রয়েছে। ফাইল ছবি।


