তৃণমূল গোছানোর বার্তা নিয়ে চৌগাছায় জামায়াতের রুকন সম্মেলন

তৃণমূল গোছানোর বার্তা নিয়ে চৌগাছায় জামায়াতের রুকন সম্মেলন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে যশোরে এক রুকন সম্মেলন সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকেল ৪টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী চৌগাছা কামিল মাদ্রাসা মিলনায়তনে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চৌগাছা উপজেলা শাখার এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ২৩০ জন নির্বাচিত রুকন (সদস্য) অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন।

এছাড়াও সমাবেশে সাবেক উপজেলা আমীর হাফেজ আমিন উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক এবং পৌর সেক্রেটারি ডা. জিল্লুর রহমানসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও স্থানীয় বিভিন্ন ইউনিয়ন শাখার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা রুকনদের মূল দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, একজন রুকনের প্রধান লক্ষ্য হতে হবে পরম করুণাময়ের সন্তুষ্টি অর্জন। এর জন্য নিজেদের আদর্শ চরিত্রে বলীয়ান করে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠা করতে হবে। একই সাথে সততা, শৃঙ্খলা, পারস্পরিক ঐক্য ও ত্যাগের মানসিকতা লালন করে সবসময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সমাবেশে আগামী দিনের স্থানীয় নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে সংগঠনকে আরও চাঙ্গা করতে নানামুখী কৌশলগত আলোচনা করা হয়। এ সময় ঐতিহাসিক ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সকল নেতাকর্মীকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণে নিজ নিজ সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের শপথ ও তাগিদ দেওয়া হয়। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *