নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নামে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। গত ৩০ মার্চ (সোমবার) রাতে তিনি এই জিডি করেন, যার নম্বর ১৬৮০।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক তাঁর সরকারি বাসভবনে অবস্থানকালে দেখতে পান যে, ‘Leo Cypher’ নামক একটি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত একটি পোস্ট করা হয়েছে। এরপর ২৭ মার্চ রাতে ‘বিএনপি মিডিয়া সেল ঝিনাইদহ’ নামক অন্য একটি ফেসবুক পেজ থেকেও একই ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে ‘Abdul Mannan Swapon’ নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকেও জেলা প্রশাসককে লক্ষ্য করে মানহানিকর পোস্ট করা হয়েছিল। জেলা প্রশাসকের ধারণা, আব্দুল মান্নান স্বপন নামীয় ওই ব্যক্তিই অজ্ঞাতনামা আইডিগুলো ব্যবহার করে বা অন্যদের ইন্ধন দিয়ে এই অপপ্রচার চালাচ্ছেন।
জিডিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, এ ধরনের ধারাবাহিক অপপ্রচারের ফলে তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি স্বাভাবিক সরকারি দাপ্তরিক কাজকর্মে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
এই বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জেলা প্রশাসকের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় অভিযুক্ত আইডিগুলোর অবস্থান এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
