স্ফুলিঙ্গ ডেক্স :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পরিবহনের ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
উপদেষ্টা জানান, তেলের দাম বাড়ায় বাসের ভাড়া বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। তবে বিশেষ করে এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। তিনি স্পষ্ট করে বলেন, ভাড়া বৃদ্ধির হার যাতে কোনোভাবেই সাধারণ মানুষের জন্য অসহনীয় বা অযৌক্তিক না হয়, সেদিকে সরকারের তীক্ষ্ণ নজরদারি থাকবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে জ্বালানি তেলের যে বিপুল চাহিদা দেখা যাচ্ছে, তার অনেকটাই কৃত্রিম। অবৈধ মজুতদার এবং তেল পাচার হয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষে এই অযৌক্তিক চাহিদা মেটানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক এই সংকটের সময়ে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়লেও তা মেনে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
ব্রিফিংয়ে তিনি আরও তথ্য দেন যে, ইতিমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি গ্রাহক ‘ফুয়েল পাস’ নিবন্ধনের আওতায় এসেছেন। এছাড়া আগামী বছর থেকে প্রতিবেশী দেশ ভারত, ভুটান ও মিয়ানমারের সাথে সমন্বয় করে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
ফাইল ছবি।

