স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার ঘোপ গ্রামের ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঘোপ সমাজ কল্যাণ পরিষদ’-এর ২০২৬ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সংগঠনের এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়।
ঘোপ সমাজ কল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মো. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সালাউদ্দিন বাদল মনোনীত হয়েছেন। এছাড়া এলাকার তরুণ ও সামাজিক কর্মীদের সমন্বয়ে আরও ১৯টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বন্টনের মাধ্যমে ২১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়।
কমিটি আত্মপ্রকাশের পরপরই স্থানীয় কিশোর ও তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নতুন নেতৃত্বের উদ্যোগে ফুটবল এবং খেলার জার্সি উপহার হিসেবে প্রদান করা হয়। নতুন ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে এলাকার তরুণদের মাঝে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শুধু মুখে না বলে কাজের মাধ্যমে ঘোপ গ্রামকে একটি সুস্থ, মাদকমুক্ত ও মানবিক এলাকা হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। শিক্ষা, ক্রীড়া, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মাদকমুক্ত যুবসমাজ গঠনে নতুন কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।
এদিকে নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্টজনেরা। তাঁরা আশা প্রকাশ করেন, ক্রীড়ামুখী এই উদ্যোগগুলো তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে বলীয়ান করবে।
কর্মসূচির শেষ পর্বে সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের এলাকাবাসীর অংশগ্রহণে নবগঠিত কমিটির সাফল্য এবং ঘোপ গ্রামের উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ছবি সংগৃহীত।

