গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি : গৃহকর্তাকে কুপিয়ে সর্বস্ব লুট

গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি : গৃহকর্তাকে কুপিয়ে সর্বস্ব লুট

রফিক মন্ডল, ঝিনাইদহ থেকে ফিরে : ১৫ মে -২০২৬
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে নগদ অর্থসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

ডাকাত দল ঘরে ঢুকেই অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলামসহ অন্যান্যদের লাঠি দিয়ে বেধড়ক মারপিট এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কার, রূপার গহনা এবং নগদ টাকা লুটে নেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা।

ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আড়ুয়াকান্দী গ্রামসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *