স্ফুলিঙ্গ ডেক্স :
খুলনা জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়েও শেষ রক্ষা হলো না হাজতি ইমন মাঝির। সিনেমার কায়দায় বাথরুমের পাইপ বেয়ে পাঁচিল পার হয়ে পালালেও, প্রশাসনের মাত্র দুই ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে তাকে পুনরায় লোহার শিকের পেছনে ফিরতে হয়েছে। কারারক্ষী ও পুলিশের নিখুঁত পরিকল্পনা এবং তড়িৎ অ্যাকশনের কারণে ভেস্তে গেছে ইমনের পলায়ন ছক।
কারা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে এই নাটকীয় কাণ্ডটি ঘটে। পুরুষ ওয়ার্ডের কয়েদি ইমন মাঝি সবার চোখ ফাঁকি দিয়ে কৌশলে মহিলা ওয়ার্ডের সীমানায় ঢুকে পড়ে। সেখানে বাথরুমের পাইপ বেয়ে চোখের পলকে কারাগারের পূর্ব পাশের উঁচু সীমানা প্রাচীর টপকে বাইরে চম্পট দেয় সে। ঘটনাটি জানাজানি হতেই কারা অভ্যন্তরে বেজে ওঠে ‘পাগলা ঘণ্টা’। মুহূর্তের মধ্যে পুরো এলাকা জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।
ইমনের পলায়নের খবর পেয়েই খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েমের নেতৃত্বে বিশেষ আভিযানিক দল মাঠে নামে। পুলিশ ও কারারক্ষীদের একাধিক টিম শহরের বিভিন্ন মোড় ও সম্ভাব্য আস্তানাগুলোতে সাঁড়াশি তল্লাশি শুরু করে। অবশেষে তীব্র অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিতে পলায়নের ঠিক দুই ঘণ্টার মাথায় পলাতক ইমন মাঝিকে ধরে ফেলতে সক্ষম হন কোমর বেঁধে নামা আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইমনকে পুনরায় গ্রেপ্তারের পর কড়া প্রহরায় আবার কারাগারে নেওয়া হয়েছে। এই ঘটনার পর কারাগারের চারপাশের নিরাপত্তা বলয় আরও ত্রিমাত্রিক ও অভেদ্য করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো বন্দি এমন দুঃসাহস দেখানোর সুযোগ না পায়। ছবি সংগৃহীত।


