স্ফুলিঙ্গ ডেক্স : সিয়াম সাধনার মাস রমজানের শেষ দশকে পদার্পণ করেছে মুসলিম বিশ্ব। রহমত ও মাগফেরাত পেরিয়ে এখন নাজাতের দিনগুলো অতিবাহিত হচ্ছে। এরই মধ্যে সবার মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে—এ বছর পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হবে? রমজান কি ২৯ দিনেই শেষ হবে, নাকি পূর্ণ হবে ৩০ দিন? সম্প্রতি পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ (SUPARCO) আসন্ন ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে একটি জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ঈদুল ফিতর আগামী শনিবার (২১ মার্চ) পালিত হতে পারে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সালের শাওয়াল মাসের নতুন চাঁদ আগামী ১৯ মার্চ পাকিস্তান সময় সকাল ৬টা ২৩ মিনিটে জন্ম নেবে। তবে সেই দিন সন্ধ্যায় সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ১২ ঘণ্টা ৪১ মিনিট। সাধারণত খালি চোখে চাঁদ দেখার জন্য এটি যথেষ্ট নয়।
সুপারকো আরও জানায়, ১৯ মার্চ পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে সূর্যাস্তের পর মাত্র ২৮ মিনিট চাঁদ আকাশে অবস্থান করবে। এত অল্প সময় এবং চাঁদের স্বল্প বয়সের কারণে ওই দিন সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০ মার্চ রমজান পূর্ণ হওয়ার কথা থাকলেও, ঈদুল ফিতরের চূড়ান্ত ঘোষণা পুরোপুরি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। পাকিস্তানের কেন্দ্রীয় ‘রুয়েত-ই-হিলাল কমিটি’ ১৯ মার্চ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ পালনের তারিখ ঘোষণা করবে। যদি ১৯ তারিখে চাঁদ দেখা না যায়, তবে ২১ মার্চ দেশটিতে ঈদ পালিত হবে। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি থেকে এ বছরের পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। ইসলামি বিধান অনুযায়ী মাস ২৯ বা ৩০ দিনে নির্ধারিত হয়। যেহেতু চন্দ্রবর্ষ সৌরবর্ষের তুলনায় প্রায় ১০-১১ দিন কম হয়, তাই প্রতি বছরই রমজান ও ঈদের সময় কিছুটা এগিয়ে আসে। এবারও সেই ধারাবাহিকতায় মার্চ মাসেই মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর সমাগত।
প্রতীকী ছবি


