নিজস্ব প্রতিবেদক, মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতি নদীর পাড়ে এক যুবকের রহস্যময় মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে পলিয়ানপুর সীমান্তের একটি ধানখেতে কাদা-পানি মাখা অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী ওই অজ্ঞাত যুবকের লাশটি পড়ে থাকতে দেখেন বিজিবি সদস্যরা।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের একটি দল সীমান্তে নিয়মিত টহলে ছিল। টহল চলাকালীন জিরো লাইন থেকে মাত্র ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। কাছে গিয়ে দেখা যায়, যুবকটি নিথর অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।
নিহতের শরীরে কাদা-পানি মাখা থাকলেও তার প্রকৃত পরিচয় বা মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, গত কয়েকদিনে এই সীমান্তে কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি। ফলে এটি বিএসএফের কোনো হামলা নাকি অভ্যন্তরীণ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ফলাফল— তা খতিয়ে দেখছে পুলিশ।
মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ ও অন্যান্য আলামত সংগ্রহের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড কি না। বর্তমানে মরদেহটি পুলিশের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতীকি ছবি।


