ইকোপার্কে দিনে-দুপুরে গুলি ও কুপিয়ে জখম !

ইকোপার্কে দিনে-দুপুরে গুলি ও কুপিয়ে জখম !

স্ফুলিঙ্গ ডেক্স :

খুলনা মহানগরীতে মো. আরিফ শিকদার (২৪) নামে এক যুবককে দিবালোকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর দেড়টার দিকে নগরীর লবণচরা থানাধীন রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

আহত আরিফ শিকদার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা আবুল কালাম শিকদারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আরিফ তাঁর দুই বন্ধুর সাথে ইকোপার্ক সংলগ্ন এলাকায় বসে কথা বলছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলযোগে ৬ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাঁদের ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা আরিফকে লক্ষ্য করে ছররা গুলি চালায়; এতে একটি গুলি তাঁর বুকের ডান পাশে বিদ্ধ হয়। এরপর হামলাকারীরা তাঁর দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত চম্পট দেয়।

সন্ত্রাসীরা চলে যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আরিফকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে এবং কারা এই হামলায় জড়িয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

খুলনার লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর থেকেই ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *