অভিযানে গিয়ে হামলার শিকার ডিএনসির সদস্যরা

অভিযানে গিয়ে হামলার শিকার ডিএনসির সদস্যরা

মাগুরা প্রতিবেদক:

মাগুরার মহাম্মদপুর উপজেলায় মাদক উদ্ধারের পর এক যুবকের অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মো. আকুব্বর মোল্লা (৩৩) উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. মাজেদ মোল্লার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গোপন সংবাদের ভিত্তিতে আকুব্বর মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ হেফাজত থেকে প্রায় অর্ধ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মাদক সংক্রান্ত আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। একপর্যায়ে আকুব্বর মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় আকুব্বর মোল্লার হাতকড়া খুলে তাকে ছেড়ে দিয়ে চলে যাবার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযান পরিচালনাকারী দলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উপপরিদর্শক মোছা. শাহারা ইয়াসমিনসহ তিনজন সদস্য আহত হন।
অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা আকুব্বর মোল্লাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া ছকিনা ঝরা জানান, হাসপাতালে আনার পর তার শরীরে কোনো পালস পাওয়া যায়নি এবং আগেই তার মৃত্যু হয়েছে। তবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে নিহতের পরিবারের অভিযোগ, অভিযানের সময় ডিএনসির সদস্যরা তাকে এলোপাতাড়ি মারধর করায় তার মৃত্যু হয়েছে।
তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক দাবি করেন, তারা নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে যান এবং গাঁজা উদ্ধার করেন। অভিযানের সময় আকুব্বর মোল্লা অসুস্থ হয়ে পড়লে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ঘটনাস্থল ত্যাগের সময় স্থানীয়রা হামলা চালালে তারা আহত হন।
সদর থানার ওসি (তদন্ত) আবু বকর জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *