রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে নবগঠিত অ্যাডহক কমিটির এই প্রথম আনুষ্ঠানিক সভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির সদস্য-সচিব মো: ইসাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোটচাঁদপুর পৌর শাখার সংগ্রামী সভাপতি ও সাবেক জননন্দিত পৌর মেয়র এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল।
সভায় নতুন কমিটির সভাপতি সালাহ উদ্দীন বুলবুল সিডল, নবনির্বাচিত অভিভাবক সদস্য, বিশিষ্ট কমিশনার ও বিএনপি নেতা জনাব মো: খাইরুল ইসলাম এবং নবনির্বাচিত শিক্ষক প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম (রফিক মন্ডল)-কে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে লাল গোলাপের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবিরসহ সকল শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে এক ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকেরা কোটচাঁদপুর অঞ্চলের নারী শিক্ষার প্রসারে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরেন। একই সাথে তারা আশা প্রকাশ করেন যে, সাবেক সফল মেয়র ও সুযোগ্য সভাপতি সালাহ উদ্দীন বুলবুল সিডল মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক ফলাফলের মান আরও বহুদূর এগিয়ে যাবে।
নবনির্বাচিত সভাপতি এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে নারী শিক্ষার মানোন্নয়নে এবং ছাত্রীদের কল্যাণে সব ধরণের প্রশাসনিক ও ব্যক্তিগত সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন। ছবি প্রতিবেদক।

