এক মাসের সাজা শুনেই পুলিশ ফস্কে হাওয়া আসামি!

এক মাসের সাজা শুনেই পুলিশ ফস্কে হাওয়া আসামি!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার মহম্মদপুর উপজেলায় মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) সাজা ঘোষণার পরপরই পুলিশের চোখ ফাঁকি দিয়ে এক আসামির অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ মে) রাতে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আদালত সূত্র জানায়, ভাবনপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে রাতে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ।

এ সময় রাজীব হোসেন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত রাজীব নিজের অপরাধ স্বীকার করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

বিপত্তি ঘটে ঠিক সাজা ঘোষণার পরেই। দণ্ড কার্যকর করার উদ্দেশ্যে পুলিশ হেফাজতে নেওয়ার পরপরই পুলিশের জিম্মা থেকে হঠাৎ এক ঝটকায় ছুটে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যান সাজাপ্রাপ্ত রাজীব। উপস্থিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করেও তাকে আর আটক করতে পারেননি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ জানান, “যেহেতু মোবাইল কোর্ট পরিচালনার সময় আসামি উপস্থিত থাকতে হয় এবং আসামি সাজা শোনার পর পালিয়ে গেছে, তাই মোবাইল কোর্টের মাধ্যমে সরাসরি তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। আসামি পলাতক থাকায় এখন তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এছাড়া মামলার সার্বিক আদেশের কপি প্রস্তুত করে বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেওয়া হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় মহম্মদপুরে অবৈধ মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *