স্ফুলিঙ্গ ডেক্স :
ফজরের নামাজের সময় মসজিদের অভ্যন্তরে এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই বর্বরোচিত হামলা চালানো হয়। নিহত হাফিজ মিয়া ওই এলাকারই বাসিন্দা ছিলেন। এই ঘটনার পরপরই অভিযুক্ত জসিম মিয়াকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হাফিজ মিয়া ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজের প্রস্তুতির একপর্যায়ে একই এলাকার জসিম মিয়া আকস্মিকভাবে ধারালো অস্ত্র নিয়ে হাফিজের ওপর ঝাঁপিয়ে পড়েন। মসজিদের ভেতরই তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয়। গুরুতর জখম হয়ে হাফিজ মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার আকস্মিকতায় উপস্থিত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ও এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক জসিমকে তার নিজ এলাকা থেকে হেফাজতে নেয়। তবে ঠিক কী কারণে বা কোন পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মূল অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদঘাটনে নিবিড় তদন্ত চলছে এবং এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। ছবি সংগৃহীত।

