স্ফুলিঙ্গ ডেক্স :
শিশু সন্তানকে কোলে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে রাজবাড়ীতে। তবে বাবার কোলে থাকা সাড়ে ৩ বছরের শিশুকন্যা সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত থাকলেও সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে আকাশ মেঘাচ্ছন্ন ও দমকা হাওয়ার মতো বৈরী আবহাওয়ার মধ্যেই মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে প্রচণ্ড শব্দ ও ধাক্কায় শিশুটি সুমনের কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। তবে বজ্রপাতের ভয়াবহতায় সুমনের মৃত্যু হলেও তাঁর কোল থেকে ছিটকে পড়া শিশু সাফিয়া সামান্য আহত হয়েও বেঁচে ফিরেছে। পরিবারের সদস্যরা জানান, কোল থেকে পড়ার পর শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান এবং রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুমনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, শিশুটির বেঁচে যাওয়াকে গ্রামবাসী ‘আল্লাহর কুদরত’ ও অলৌকিক হিসেবে দেখছেন।ছবি সংগৃহীত।


