স্ফুলিঙ্গ ডেক্স :
নিখোঁজের ১২ ঘণ্টা পর কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের অদূরে ফুটপাত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন। প্রশিক্ষণ শেষে গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে তিনি বাসযোগে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত ২টা ২৫ মিনিটের দিকে পরিবারের সাথে তাঁর শেষ কথা হয় এবং তিনি জানিয়েছিলেন যে তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন।
নিহতের মা নীলিমা বৈরাগী জানান, শেষবার যখন বুলেটের সাথে কথা হয়, তখন তাঁর কণ্ঠস্বর কিছুটা অপরিচিত মনে হয়েছিল। কথা বলার পর দীর্ঘ সময় পার হলেও তিনি বাসায় না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের মনে সন্দেহের সৃষ্টি হয়। আজ সকালে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মহাসড়কের আইরিশ হোটেলের পাশের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবার মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন। তাঁর মুখমন্ডল রক্তাক্ত থাকলেও শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ছবি সংগৃহীত।


