নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলাতেও অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সশরীরে পর্যবেক্ষণ করেছেন জেলা ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান।
পরিদর্শনকালে তাঁরা পরীক্ষা হলের পরিবেশ, আইন-শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এসময় তাঁরা দায়িত্বরত কেন্দ্র সচিব ও হল পরিদর্শকদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরীক্ষার্থীরা যেন কোনো প্রকার মানসিক চাপ ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য নেওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ জেসমিন আরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চুয়াডাঙ্গার সকল কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শান্তিপূর্ণভাবেই পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
ছবি সংগৃহীত।

